তাহিরপুরে বজ্রপাতে কয়লাবাহী নৌকার শ্রমিকের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০২:০৯ পিএম
তাহিরপুরে বজ্রপাতে কয়লাবাহী নৌকার শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকায় করে কয়লা নিয়ে ফেরার পথে হাওরে বজ্রপাতের কবলে পড়ে নজির হোসেন আখঞ্জী (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার সংসার হাওরে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত নজির হোসেন আখঞ্জী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে নৌকাভর্তি কয়লা নিয়ে বাড়ি ফিরছিলেন নজির হোসেন। পথে সংসার হাওরে পৌঁছালে হঠাৎ আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে এ সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি নৌকার ছাউনির নিচে অবস্থান করায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাওরে বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি তাঁরা জেনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

জেএইচআর