জেলা প্রশাসক

নরসিংদীকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৩:৪৯ পিএম
নরসিংদীকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, মাদকের সমস্যা শুধুমাত্র আজকের নয়, এ সমস্যা দীর্ঘদিনের। এই ব্যাধি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার বিকেলে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. কলিমুল্লাহ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিব তৌহিদ ইমাম।

এ সময় আরও বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহিদা বেগম, উপপরিদর্শক মো. সানাউল্লাহ মিয়া, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম. এ আউয়াল, সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম মতি, এনএসআই-এর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আলম খান, জেলা সুপার মোহাম্মদ তারেক কামাল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার প্রমুখ।

জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া আরও বলেন, মাদক শুধুমাত্র নরসিংদীতে নয়, সারাদেশে এর প্রবণতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। এই ধ্বংসাত্মক পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। মাদকসেবীদের শুধু আইনের আওতায় আনলেই হবে না, পাশাপাশি তাঁদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সুস্থ করে তুলতে হবে। একই সঙ্গে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও নজর রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানান।

নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

জেএইচআর