মেহেরপুরের গাংনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ মনিরুল ইসলাম (৪০) নামের এক হোটেল ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার তেরাইল বাজার সংলগ্ন নিজ হোটেল থেকে তাঁকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম তেরাইল গ্রামের শাহাজুল ইসলামের ছেলে।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তেরাইল বাজারের ওই হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় হোটেল মালিক মনিরুল ইসলামকে তল্লাশি করে তাঁর হেফাজতে থাকা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪ পুরিয়া (ওজন ০.৫০ গ্রাম) হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন