নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ৮০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, গত ২৬ জুন নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ আওয়ামী লীগ নেতা আমানুর রশীদ খান জুয়েলের নির্দেশনায় এ মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম এবং ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ২৭ জুন উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোসলেম উদ্দিন ফকির বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা দায়ের করেন। মামলায় ৮০ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার নম্বর-৩৮।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান শুরু করে। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-বিশকাকুনি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফজলুল করিম, পাইলাটি দক্ষিণপাড়া গ্রামের যুবলীগ কর্মী আনোয়ার হোসেন তালুকদার এবং কালিহর মাইজপাড়া এলাকার যুবলীগ কর্মী আনোয়ার হোসেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন