দেশের তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রতিভা অন্বেষণ ক্যাম্প ২০২৫-২৬’ আয়োজন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি)।
সোমবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে এ প্রতিভা অন্বেষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে বাহিনীর মূল ক্রীড়া দলে নতুন ও সম্ভাবনাময় খেলোয়াড় অন্তর্ভুক্তির প্রাথমিক বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়।
এবারের ক্যাম্পে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০০ জন ক্রীড়াবিদ অংশ নেন। তারা ২৬টি ক্রীড়া বিভাগে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন। শারীরিক সক্ষমতা, ফিটনেস এবং সংশ্লিষ্ট ইভেন্টে কারিগরি নৈপুণ্যের ভিত্তিতে কঠোর মূল্যায়ন শেষে চূড়ান্তভাবে ২৩০ জন ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়।
নির্বাচিত ক্রীড়াবিদদের এক মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ ও দক্ষ কোচদের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রশিক্ষণে তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা এবং মানসিক প্রস্তুতি আরও উন্নত করা হবে।
প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে যোগ্য ক্রীড়াবিদদের বাংলাদেশ আনসার ও ভিডিপির মূল ক্রীড়া দলে ভাতাভুক্ত করা হবে।
সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে শুধু আনসার ও ভিডিপির ক্রীড়া শক্তিই সমৃদ্ধ হবে না, বরং দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার বিকাশ ত্বরান্বিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সাফল্যের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন