ঢাকার কেরানীগঞ্জে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে শিক্ষার্থী ও অংশীজনদের যৌথ ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) এসটিআইআরসি (STIRC) প্রকল্প, ঢাকা জেলা কার্যালয় এবং কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. আনোয়ারুল ইসলাম সরকার অনুষ্ঠানে প্রধান অতিথি এবং কর্তৃপক্ষের সচিব মিজ শ্রাবস্তী রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিএফএসএ চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকার বা কর্তৃপক্ষ একা দেশের সবার খাবার নিরাপদ করতে পারবে না। এটি একটি সম্মিলিত প্রয়াস। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি।
এর আগে কর্মসূচির অংশ হিসেবে উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে খাদ্য নিরাপদতা ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল মঞ্চে সেই প্রতিযোগিতারই চূড়ান্ত বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সেমিনারে খাদ্য নিরাপদতা নিশ্চিতকরণের বাস্তবমুখী চ্যালেঞ্জ ও প্রতিকার নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা। বক্তারা টেকসই খাদ্য নিরাপদতা অর্জনে আইনের প্রয়োগের পাশাপাশি উৎপাদনকারী থেকে ভোক্তা পর্যন্ত সর্বস্তরের মানুষের সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আয়মনা খাতুন উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব উল ইসলাম এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী শিক্ষার্থী মেহেরুন। তাঁরা স্কুল পর্যায়ে খাদ্য নিরাপদতার মতো জীবনঘনিষ্ঠ বিষয়ে সচেতনতা ছড়ানোর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন