সখীপুরে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:১৬ পিএম
সখীপুরে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়ার একদিন পর ইসরাত জাহান পারভীন (৪৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার সকাল সোয়া ৮টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তাঁর স্বামীর বাড়ির পাশের একটি নালার ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইসরাত জাহান পারভীন সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার বাসিন্দা এবং মৃত হুমায়ুন খানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৯ জুন রাতে ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার পর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন ইসরাত জাহান। পরদিন সকালে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে আত্মীয়-স্বজনরা তাঁর বাড়িতে গিয়ে দেখেন, বাড়ির মূল ফটক খোলা এবং ঘরের ভেতরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তাঁর কোনো সন্ধান না পেয়ে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন সকালে বাড়ির পাশের ডোবায় স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর