ফরিদগঞ্জে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৫:৪৩ পিএম
ফরিদগঞ্জে স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসী স্বামীর সাথে ঝগড়ার জেরে সীমা আক্তার (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

নিহত সীমা উপজেলার চর কুমিরা গ্রামের সৌদি প্রবাসী নবীর হোসেনের স্ত্রী এবং কাছিয়াড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। তিন বছর আগে পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ১৯ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাবার বাড়িতে বসতঘরের সিলিং ফ্যানের সাথে সীমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সীমাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মানিক হোসেন অভিযোগ করে বলেন, প্রবাসে থাকলেও গত কয়েকদিন ধরে সীমার সঙ্গে তাঁর স্বামীর পারিবারিক বিরোধ চলছিল। গতকাল মঙ্গলবার রাতে এবং আজ বুধবার সকালেও স্বামীর সাথে তাঁর প্রচণ্ড ঝগড়া হয়। শ্বশুরবাড়ির লোকজনের মানসিক নির্যাতনে সীমা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ্ বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর