সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মডেল মসজিদের খতিব নিহত

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:২৫ পিএম
সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মডেল মসজিদের খতিব নিহত

নোয়াখালীর সুবর্ণচরে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে বৃষ্টির পর আজ ভোর আনুমানিক ৪টার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে উপজেলা মডেল মসজিদে ফজরের নামাজ পরিচালনার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় মুক্তার ডুবাইওয়ালার বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা ঘটনাস্থলে ভিড় জমান। পরে খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই খতিবের মৃত্যু হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে একজন জনপ্রিয় ও সদালাপী আলেম হাফেজ মুফতি মাকছুদ আলমের এমন আকস্মিক মৃত্যুতে পুরো সুবর্ণচর উপজেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর