দৌলতপুরে ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০২:৩৭ পিএম
দৌলতপুরে ওয়ান শুটার গান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিজয় আলী (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বিজয় আলী বাহেরমাদি গ্রামের বিপ্লব হোসেনের ছেলে।

দৌলতপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বাহেরমাদি গ্রামে বিজয় আলীর বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বসতবাড়ির গোয়ালঘর তল্লাশি করে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড তাজা গুলি ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিজয় আলীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, বিজয় আলীর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ৫ রাউন্ড গুলি ও ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, এই ঘটনায় আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষ করে বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এলাকায় অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জেএইচআর