পূবাইলে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০২:৩৫ পিএম
পূবাইলে অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আয়োজিত এ কর্মসূচিতে ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত পরিবারের প্রত্যেককে ২০ কেজি করে চাল দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন সরকার, সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ, থানা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সদস্য আসাদ হোসেন বুলবুল ও সাখাওয়াত হোসেন খোকন, পূবাইল থানা যুবদলের সদস্য সচিব আবুল হোসেনসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক চাপের কারণে নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা সংকটের সময়ে পরিবারের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

স্থানীয়দের মতে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হলে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি উপকারভোগী নির্বাচন ও বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখারও আহ্বান জানান তারা।

এম জি