দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৪:৪৯ পিএম
দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জামালপুরের দেওয়ানগঞ্জে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ শাহজাহান খান তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি বেশ কয়েকটি সুবিধাভোগী পরিবারের হাতে ছাগল তুলে দিয়ে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেওয়ানগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের মোট ৭৭০টি দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ছাগল বিতরণ করা হবে।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, দূর-দূরান্ত থেকে আসা মেধাবী ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে যাকাতের নগদ অর্থ এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

এ সময় দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রগতিশীল উন্নয়ন ও সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম সীমান্তবর্তী ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। প্রাণিসম্পদ উন্নয়নের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো খুব দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর