রায়পুরে কৃষি প্রণোদনায় ১২ হাজার ফলদ গাছের চারা বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৫:৩৮ পিএম
রায়পুরে কৃষি প্রণোদনায় ১২ হাজার ফলদ গাছের চারা বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ফলদ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই ফলদ চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাভোগী কৃষকদের মধ্যে পর্যায়ক্রমে মোট ১২ হাজার ফলদ গাছের চারা বিতরণ করা হবে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে উন্নত জাতের নারিকেল, আমলকী, মাল্টা, সুপারি ও লেবুসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ। শুধু চারাই নয়, প্রতিটি চারা যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে, সেজন্য কৃষকদের একটি করে বাঁশের খুঁটি এবং এক বস্তা জৈব গোবর সারও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য ও দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার নানা ধরনের কার্যকর প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। ফলদ গাছ রোপণের মাধ্যমে যেমন দেশের বনায়ন সমৃদ্ধ হবে, তেমনি কৃষকদের পারিবারিক পুষ্টির চাহিদা নিশ্চিতের পাশাপাশি অতিরিক্ত ফল বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মেহেদী হাসান কাউছার কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকারি এই চারাগুলো শুধু রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা করে একেকটি অর্থকরী সম্পদে পরিণত করতে হবে।

জেএইচআর