প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে

ইমাম উদ্দিন আজাদ, নোয়াখালী প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৫:৩৫ পিএম
প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় নোয়াখালীর কবিরহাটে ২২০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। এই মানবিক সহায়তা পেয়ে সুফলভোগী নারীদের মুখে ফুটে উঠেছে স্বস্তি ও আনন্দের হাসি।

শুক্রবার দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এই অনুদানের অর্থ বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে এই অনুদান প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম মূল লক্ষ্য। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং উপকারভোগী নারীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর