মির্জা ফখরুল

গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ৩, ২০২৬, ০৮:৪১ পিএম
গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মিডিয়া যদি শক্তিশালী হয়, তবে এদেশের গণতন্ত্রও শক্তিশালী হবে। গণতন্ত্রের মূল সাফল্য আসলে মিডিয়ার সাফল্যের ওপরই অনেকাংশে নির্ভর করে।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সাথে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা কেউ সমালোচনার ঊর্ধ্বে নন। তাদের সমালোচনা করাটাই সাংবাদিকদের উপযুক্ত কাজ। কারণ এর মাধ্যমেই ভুলত্রুটিগুলো সংশোধন করে সঠিক পথে চলা সম্ভব হয়। সংবাদকর্মীদের সুরক্ষার বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনেক সময় সত্য ঘটনা প্রকাশ করলে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটে। তবে ঠাকুরগাঁওয়ে কখনো এমন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া সব ওয়াদা পূরণে কাজ চলছে। ইতিমধ্যে জেলার দুইটি নতুন উপজেলার অনুমোদন সম্পন্ন হয়ে দায়িত্ব বণ্টন হয়ে গেছে। খুব শিগগিরই সেখানে নতুন অবকাঠামো তৈরি হবে এবং নতুন ইউএনও এসে কাজ শুরু করবেন। তবে শুধু অবকাঠামো নয়, নতুন উপজেলাগুলোকে এগিয়ে নিতে সঠিক ও যোগ্য নেতৃত্ব তৈরি করার ওপরও তিনি জোর দেন।

সকালে ঠাকুরগাঁওয়ের মোলানী এলাকায় একটি প্রতিবন্ধী এতিমখানা পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, সেখানে গিয়ে দেখলাম প্রায় সাড়ে ৫শ প্রতিবন্ধী শিশু রয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, প্রতিষ্ঠানটির পরিচালক বিএনপি করার কারণে বিগত ১৫ বছর ধরে সরকারের সব সাহায্য-সহযোগিতা বন্ধ রাখা হয়েছিল। ফলে সেখানকার ঘরবাড়ি ও টিন জীর্ণ হয়ে গেছে। আমরা খুব দ্রুত এই মানবিক সমস্যাগুলোর টেকসই সমাধান করে দেব।

তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মির্জা ফখরুল দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, তাঁরা যেন সবসময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলেন। ভালো কাজের যেমন প্রশংসা করতে হবে, তেমনি যেকোনো অন্যায়ের বিরুদ্ধেও কলম ধরতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার (এসপি) বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, নবনির্বাচিত প্রেসক্লাব সভাপতি লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক তানভির হাসান তানু।

জেএইচআর