জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে সুবর্ণা বালা বর্মন নামে এক বছর বয়সী এক কন্যাসন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাঁচুইল মৃধাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা উপজেলার দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের সুপদ চন্দ্র বর্মনের মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুবর্ণার মা আশমুনি বালা মেয়েকে নিয়ে পাঁচুইল মৃধাপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে পৌঁছানোর পর পরিবারের অন্য সদস্যদের সামনে শিশু সুবর্ণাকে বাড়ির উঠানে রেখে তার মা ঘরের ভেতরে যান। সবার অগোচরেই শিশুটি হামাগুড়ি দিয়ে বাড়ির প্রধান ফটকের সামনে থাকা পুকুরের দিকে চলে যায় এবং পানিতে পড়ে যায়।
কিছুক্ষণ পর স্বজনরা সুবর্ণাকে উঠানে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের বিশেষ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন