মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবারে খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের প্রধান সড়ক, চারটি স্লুইসগেট, প্রকল্প এলাকার নকশা এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজের ভৌত অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব খুলনা সার্কিট হাউজে আয়োজিত ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন ও পর্যালোচনা সভায় যোগদান করেন। সভায় তিনি চলমান কাজের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক চ্যালেঞ্জগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সেসব সংকট সমাধানের তাগিদ দেন। এর আগে সার্কিট হাউজ চত্বরে পৌঁছালে তিনি সেখানে একটি পরিবেশবান্ধব গাছের চারা রোপণ করেন।
উক্ত গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)’র সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক হুরে জান্নাত উপস্থিত ছিলেন।
এ ছাড়া খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো: আরমান হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসন এবং কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নিয়ে প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন