ভোলার দৌলতখান উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের রামপুরা থানা।
শনিবার (৪ জুলাই) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ। তিনি জানান, গ্রেপ্তারের পর মনজুর আলম খানকে ঢাকা মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ভোলার রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে মনজুর আলম খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, লুটপাট এবং সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণের অভিযোগ বিভিন্ন সময়ে ওঠে।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে নানা অভিযোগ ও আলোচনা ছড়িয়ে পড়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত এবং আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
আইন অনুযায়ী তদন্ত শেষে আদালতের রায়ের মাধ্যমেই অভিযোগগুলোর সত্যতা নির্ধারিত হবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন