বরগুনার পাথরঘাটা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে একটি ট্রলার বিকল হয়ে পড়ায় ১৭ জন জেলে গত তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছেন। ঘটনাটি ঘটেছে পাথরঘাটা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দুবলার চর-সংলগ্ন দক্ষিণাঞ্চলে।
শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে ট্রলারটির মালিক মো. বেল্লাল হোসেন তাকে বিষয়টি জানান।
জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ‘এফবি জাহান’ নামের ট্রলারটি ১৭ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা সব জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
গোলাম মোস্তফা চৌধুরী জানান, তিন দিন আগে ট্রলারটির প্রপেলার (স্থানীয়ভাবে ‘পাখা’ বা ‘সেফ’ নামে পরিচিত) ভেঙে যাওয়ায় সেটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। এরপর থেকে ট্রলারটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিপদের কথা জানান এবং দ্রুত উদ্ধারের আবেদন করেন।
তিনি আরও জানান, বিষয়টি কোস্ট গার্ডের পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে। তারা উদ্ধার অভিযান শুরু করেছে। একই সঙ্গে মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও জেলেদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন