জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
গণমিছিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলা শাখার আমির মুফতি আব্দুল হান্নান।
মিছিলটি শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাপনী বক্তব্যে মুফতি আব্দুল হান্নান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। সেই আন্দোলনের মূল লক্ষ্য ও প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে হলে ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ ও আহতদের ত্যাগকে অর্থবহ করতে রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা, সুশাসন, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কোনো একদিনের বিষয় নয়; এটি একটি চলমান দায়িত্ব। বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্যের ভিত্তিতে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব মহলের প্রতি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, এনসিপি ফেনী জেলা শাখার সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ. ন. ম. আব্দুর রহিম, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, জেলা জামায়াতের সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, ডেভেলপমেন্ট পার্টি ফেনী জেলা শাখার সেক্রেটারি মো. ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহম্মদ ভূঁইয়া আজাদ, ফেনী শহর ছাত্রশিবির সভাপতি মো. শফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন