দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৮:০৫ পিএম
দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে শিশু একাডেমী দিনাজপুর জেলা কার্যালয়ের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের ৫৪-৫৫ বছরের ইতিহাসে রাজপথের প্রতিটি আন্দোলনে, দেশের অর্থনীতি সচল রাখতে এবং যেকোনো সংকটে শ্রমিক শ্রেণি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার মূল চেতনা-সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা-এখনও শ্রমিকদের জীবনে পুরোপুরি প্রতিফলিত হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের বৈষম্য দূর করতে এবং আদর্শ ট্রেড ইউনিয়ন আন্দোলনকে বেগবান করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এ জন্য ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. জাকিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. জিয়াউল হক, রংপুর-দিনাজপুর অঞ্চল সহকারী পরিচালক আবুল হাসেম বাদল এবং জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আনিসুর রহমান।

এ ছাড়া বক্তব্য দেন জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস ড. এনামুল হক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা শাখার সাধারণ উপদেষ্টা সাইদুর ইসলাম সৈকত, ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মাসুদ রানা, জেলা শাখার সাবেক সভাপতি তৈয়ব আলী, শহর শাখার উপদেষ্টা সিরাজুস সালেহীন, সদর শাখার উপদেষ্টা মেহরাব আলী, জেলা শাখার সহ-সভাপতি রমজান আলী, রাশেদুন নবী ও আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক এস এম হাদিউজ্জামান, চিরিরবন্দর উপজেলা সভাপতি আফসার আলী, বিরামপুর উপজেলা সভাপতি মোসলেম উদ্দিন, বিরল উপজেলা সভাপতি নাজমুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা সভাপতি হামিদুল ইসলাম এবং শহর শাখার সভাপতি রাশেদুল ইসলাম রিপনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

সম্মেলনে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি, সামাজিক নিরাপত্তা ও ট্রেড ইউনিয়ন আন্দোলনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।

এম জি