শেষ মুহূর্তের জয়সূচক গোলে নাটকীয় জয় তুলে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে একরাম স্মৃতি ফুটবল একাডেমি, মানিকগঞ্জ। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে তারা টঙ্গী ফুটবল একাডেমিকে ২-১ গোলে পরাজিত করে।
শনিবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধের ১৮তম মিনিটে টঙ্গী ফুটবল একাডেমির ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বাধীন প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। তবে দ্বিতীয়ার্ধের ৩৪তম মিনিটে মানিকগঞ্জের ১৭ নম্বর জার্সিধারী রাসেল সমতা ফেরান। ম্যাচের ৮৬তম মিনিটে ১১ নম্বর জার্সিধারী ইমন জয়সূচক গোল করে একরাম স্মৃতি ফুটবল একাডেমির ফাইনাল নিশ্চিত করেন।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। খেলার উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাব্বির আহাম্মেদ আরেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. ইকবাল হোসেন, মো. জাকির হোসেন চৌধুরী এবং জাতীয় ফুটবল দলের ম্যানেজার মো. আমের খান।
ম্যাচ পরিচালনা করেন ফিফার রেফারি আলমগীর সরকার। সহকারী রেফারি ছিলেন বিকাশ সরকার ও ইমরান খন্দকার। চতুর্থ রেফারির দায়িত্ব পালন করেন মো. শাহ পরান শান্ত এবং ম্যাচ কমিশনার ছিলেন ইমরান মাসুদ।
গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন, আয়োজক কমিটির সদস্যসচিব আব্দুর রউফ নয়ন, অর্থ কমিটির সদস্যসচিব ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এ কে এম মোফাজ্জল হোসেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মনির, বিএনপি নেতা ও সাবেক জিএস লুতফর রহমান লাতু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, আয়োজক কমিটির সদস্য শেখ রাসেল আহাম্মেদ শ্যামল, সিরাজুল ইসলাম, ফখরুল ইসলামসহ অনেকে।
গত ২০ জুন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুরু হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সারা দেশের ১৬টি জেলা দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
প্রতিদিনের মতো সেমিফাইনাল ম্যাচেও দূর-দূরান্ত থেকে আসা হাজারো দর্শকের উপস্থিতিতে স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ, দর্শকদের মুহুর্মুহু করতালি ও স্লোগানে পুরো স্টেডিয়াম ছিল উৎসবমুখর।
আগামী ১০ জুলাই অনুষ্ঠিতব্য ফাইনালে একরাম স্মৃতি ফুটবল একাডেমি, মানিকগঞ্জ মুখোমুখি হবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ঢাকার। দুই শক্তিশালী দলের এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন