কুড়িগ্রাম জেলা পরিষদের অর্থায়নে অসহায় ও দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান এবং আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে ২০ নারীকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলার ২০ জন অসহায় ও দরিদ্র নারীকে প্রশিক্ষণ শেষে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্তী রানী, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আবু তালহা, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, দক্ষতা উন্নয়নমূলক এ ধরনের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় উপকরণ সহায়তা নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন