ফেনী সদর উপজেলার ছনুয়া এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় জিয়াউর রহমান (৫০) নামে এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান নেত্রকোনার পূর্বধলা উপজেলার পূর্বধলা গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি ফেনী শহরের সদর হাসপাতাল মোড়সংলগ্ন একটি কলোনিতে পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয়ভাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় জিয়াউর রহমান বাইসাইকেল চালিয়ে মহাসড়ক দিয়ে ফেনী শহরের দিকে আসছিলেন। পথিমধ্যে ছনুয়া এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার বাইসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফাজিলপুর হাইওয়ে থানার এসআই আবু নোমান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন