চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চালুকরণসহ ৫ দফা দাবিতে অবস্থান সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় দর্শনা রেল সংগ্রাম পরিষদের আয়োজনে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দর্শনা রেল সংগ্রাম পরিষদের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মজনুর রহমান, এনসিপি নেতা তানভীর রহমান অনিক, দর্শনা বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির এবং ব্যবসায়ী মাহাবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন দর্শনা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস আনোয়ারুল ইসলাম বাবু।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দর্শনা একটি আন্তর্জাতিক স্টেশন হওয়া সত্ত্বেও এখানকার সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে দ্রুত সময়ের মধ্যে ৫ দফা দাবি বাস্তবায়নের জোর আহ্বান জানান তাঁরা।
আন্দোলনকারীদের ৫ দফা দাবিগুলো হলো:
- ১. দর্শনা থেকে কোটচাঁদপুর, কালীগঞ্জ ও যশোর হয়ে ঢাকাগামী একটি নতুন আন্তঃনগর ট্রেন চালু করা।
- ২. কুষ্টিয়া ও ঈশ্বরদীগামী বন্ধ হয়ে যাওয়া দুটি লোকাল ট্রেন পুনরায় চালু করা।
- ৩. চিত্রা ডাউন ট্রেনের দর্শনা হল্ট স্টেশনে নিয়মিত যাত্রাবিরতি নিশ্চিত করা।
- ৪. দর্শনা-খুলনা ডাবল রেললাইন নির্মাণকাজ দ্রুত শেষ করা।
- ৫. দর্শনায় নির্মাণাধীন ওয়াশপিট প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অঞ্চলের মানুষের যোগাযোগের ভোগান্তি কমাতে দাবিগুলো বাস্তবায়নে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন