নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৬, ২০২৬, ০৩:০০ পিএম
নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

সভায় ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম (মুকুল) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা।

আলোচনা সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির বিভিন্ন কার্যক্রম ও সরকারের উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরেন। এ সময় টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে সমবায়ভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি, গেস্ট অব অনার, বিশেষ অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা ও অতিথিবৃন্দ চত্বরে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার এস. এম. রাশেদুল হাসান, বিআরডিবির সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান হাবিব ও উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ।

জেএইচআর