‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার সকালে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্ণফুলীর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোহাম্মদ ইসহাক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সবুর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং সুধীজন এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামাঞ্চলে আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে সরকার নিরলসভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নের ভূমিকা অপরিসীম।
দিবসটি উপলক্ষে পরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং বিআরডিবির সদস্যদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন