ফেনীতে টানা পাঁচ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।
মঙ্গলবার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে। এতে জনজীবনে বেড়েছে ভোগান্তি। স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ, পথচারী, রিকশাচালক, দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দুর্ভোগ বেড়েছে।
এর আগে সোমবার সকাল থেকে জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় জলাবদ্ধতা দেখা দেয়।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. ফাহাদ্দিস হোসাইন জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি অব্যাহত থাকায় মঙ্গলবার সকাল থেকে নদীগুলোর পানি বাড়তে পারে।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, সোমবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৯ জুলাই পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন