রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ের মাটি ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। তিনি নিহত দ্রোণাচার্য চাকমার ছেলে।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এ পাহাড়ধসের ঘটনা ঘটে বলে জানান নিহত লক্ষী বিলাশ চাকমার বড় ভাই বিমলেন্দু চাকমা। তিনি জানান, রাতের বৃষ্টিপাতের ফলে বসতঘরের পাশের অংশে মাটি ধসে পড়ে। পরে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরাতে গেলে ওপর থেকে গাছের গুঁড়িসহ আবারও মাটি ধসে পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়রা গাছ ও মাটি সরিয়ে তাকে উদ্ধার করেন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের পরিবারকে সহায়তার আশ্বাস দেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষদের আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।
বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন