বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে অবস্থিত আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের চারতলা একাডেমিক ভবনটি পাহাড় ধসের কারণে চরম ঝুঁকির মুখে পড়েছে। সাম্প্রতিক টানা বর্ষণে ভবনের পেছনের পাহাড়ের একটি অংশ ধসে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বেশ কয়েক দিনের ভারী বর্ষণের ফলে ভবনের পেছনের ঢালের মাটি সরে গিয়ে ভবনের ভিত্তির (ফাউন্ডেশন) কাছাকাছি পর্যন্ত ধস নেমেছে। এতে ভবনটি যেকোনো সময় আরও বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন শত শত শিক্ষার্থী এই ভবনে পাঠদান কার্যক্রমে অংশ নেয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভবনটি ব্যবহার নিয়ে তীব্র শঙ্কা দেখা দিয়েছে। দ্রুত সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
সন্তানদের নিরাপত্তার বিষয়টি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অভিভাবকরা। তাঁরা দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও পাহাড় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্ষা মৌসুমে পাহাড় ধসের ঝুঁকি বিবেচনায় বিদ্যালয় ভবনের পেছনে স্থায়ী রিটেইনিং ওয়াল (প্রতিরোধ দেয়াল) নির্মাণ করা এখন জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে লামা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্বপ্রাপ্ত প্রধান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম জানান, এলাকায় বিদ্যুৎ না থাকার কারণে তাঁরা এখনও বিষয়টি জানতে পারেননি। তবে দ্রুত সরেজমিনে গিয়ে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বর্ষা অব্যাহত থাকায় ভবনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়ছে। সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন