ঝিনাইদহের মহেশপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব প্রতিরোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নির্মূলে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধি এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার বা শেয়ার না করার মানসিকতা গড়ে তুলতে হবে। একই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন-মহেশপুর থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতের আমির ফারুক আহমদ, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি সরোয়ার হোসেন, মহেশপুর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায় এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজন এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন