রাজশাহী জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকরের নির্দেশ দিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।
মঙ্গলবার সকালে রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষ যাতে দ্রুত ও প্রত্যাশিত পুলিশি সেবা পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পুলিশিং কার্যক্রম জোরদার করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এই সময় জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) গ্রেফতারি পরোয়ানা দ্রুত কার্যকর এবং নিজ নিজ থানা এলাকার আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় মাস্টার প্যারেড এবং সকাল সাড়ে ৯টায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের কল্যাণ, শৃঙ্খলা ও পেশাগত দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি বিভিন্ন কর্মকর্তা ও সদস্যদের আবেদন-অনুরোধ শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।
সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সব পুলিশ সদস্যকে দেশপ্রেম, পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন