মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা শাহ জালাল কাজল

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৩:৫৭ পিএম
মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা শাহ জালাল কাজল

টানা কয়েক দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল।

বুধবার (৮ জুলাই) দিনব্যাপী তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে অবগত হন।

পরিদর্শন শেষে শাহ জালাল কাজল বলেন, টানা বর্ষণে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর, মিস্ত্রিপাড়া, চরপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় সাধারণ মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই দুর্যোগপূর্ণ সময়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি দলমত নির্বিশেষে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান।

এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি নারায়ণ ত্রিপুরা, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মো. সেলিম, সাবেক পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. নিজাম উদ্দিনসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এম জি