মেহেরপুরের গাংনী উপজেলায় গরুবাহী লাটাহাম্বা উল্টে উজ্জ্বল (৩৫) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রায়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের বাসিন্দা মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরুবাহী লাটাহাম্বাটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশুর হাটে যাচ্ছিল। পথে রায়পুর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই উজ্জ্বল নিহত হন। একই ঘটনায় আরও ১১ জন ব্যবসায়ী আহত হন।
আহতরা হলেন-মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার আলিমুদ্দীনের ছেলে রহিদুল (৫৫), ফেলামিরের ছেলে রাজা (৬০), চকশ্যামনগর গ্রামের আব্বাস আলীর ছেলে ওসমান (৪৪), ইসমাইলের ছেলে ইসরাফিল (৫৫), ইজারুলের ছেলে কবির (৪২), মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের জহুর মণ্ডলের ছেলে সাবদার আলী (৬০), দুলাল উদ্দীনের ছেলে ইসমাইল (৪৪), যাদবপুর গ্রামের আলিমুদ্দীনের ছেলে নাজমুল (২৫), রাধাকান্তপুর গ্রামের লিটন (৩২), মোনাখালী গ্রামের রফিকুল (৫০) এবং আলাল উদ্দীন (৪৫)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, রায়পুর এলাকায় গরুবাহী লাটাহাম্বা দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন