জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও আয়োজনে গণমাধ্যমের সহযোগিতা কামনা করা হয় এ অনুষ্ঠানে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন।
প্রেসব্রিফিংয়ে টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, খেলার সময়সূচি, মাঠ ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা, দর্শকদের নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয় সাংবাদিকদের অবহিত করা হয়। এ সময় ইউএনও মো. এরফান উদ্দিন বলেন, টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি সফল আয়োজন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস. এম. আনোয়ার হোসেনসহ উপজেলা প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সাংবাদিকরা।
উল্লেখ্য, আগামী ১১ জুলাই ২০২৬ (শনিবার) বিকেল ৩টা ৩০ মিনিটে নাগরপুর সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে মুখোমুখি হবে নাগরপুর উপজেলা ও দেলদুয়ার উপজেলা দল।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। উপজেলা প্রশাসন সব ক্রীড়াপ্রেমীকে মাঠে উপস্থিত থেকে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন