মদনে আগুনে পুড়ে যাওয়া কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

মদন (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ০৭:১৪ পিএম
মদনে আগুনে পুড়ে যাওয়া কৃষক পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও

নেত্রকোনার মদনে আকস্মিক অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো এক প্রান্তিক কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। অগ্নিকাণ্ডের শিকার পরিবারটিকে তাৎক্ষণিক খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি সরকারি অনুদানের আশ্বাস দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর (তোলাপাড়া) গ্রামের প্রান্তিক কৃষক মো. নজর মিয়ার গোয়াল ঘরে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালে থাকা তিনটি গরু, দুটি ছাগল, ১০টি রাজহাঁস ও ৫০টি পাতি হাঁস পুড়ে মারা যায়। এতে ওই কৃষক পরিবারের প্রায় তিন থেকে চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভয়াবহ এই ঘটনার খবর পেয়ে আজ বুধবার দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম। তিনি ক্ষতিগ্রস্ত নজর মিয়ার পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের সান্ত্বনা দেন। এ সময় ইউএনও নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ভিত্তিতে দুই প্যাকেট শুকনা খাবার বিতরণ করেন।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ইউএনও জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে নতুন ঘর নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হবে। এছাড়া পরিবারটি যেন এই বড় ধাক্কা কাটিয়ে উঠতে পারে, সেজন্য সরকারের তহবিল থেকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেএইচআর