ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:৫৫ পিএম
ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় একটি র‍্যালি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস. এম. বায়জীদ ইবনে আকবর।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। পরিবেশ রক্ষায় গাছ লাগানো, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে আনজুমান নেছা বলেন, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে পরিবেশবান্ধব জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

আলোচনা সভায় বক্তারা সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি, ব্যাপক বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা জরুরি।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর