নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়হান জামান, কিশোরগঞ্জ প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০৬:৪৫ পিএম
নিকলী থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী থানা হাজতখানা থেকে রুবেল মিয়া (২২) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে থানার হাজতখানা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার কারাপাশা ইউনিয়নের শহরমূল এলাকার রাজা হাওলাদারের ছেলে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নিজের গায়ের শার্ট দিয়ে হাজতের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের বাবা রাজা হাওলাদার জানান, রুবেল তাঁর একমাত্র ছেলে এবং অল্প বয়সেই মাদকাসক্ত হয়ে পড়েন। একপর্যায়ে ছেলের বিরুদ্ধে তিনি নিজেই মামলা করে তাঁকে কারাগারে পাঠান। তিন মাস কারাভোগের পরও রুবেলের আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি আবারও মাদকে জড়িয়ে পড়েন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অনবরত দুর্ব্যবহার করতে থাকেন।

তিনি আরও বলেন, আজও আমি নিজেই পুলিশকে খবর দিই। পুলিশ তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর আমি তার জন্য খাবার ও কাপড়চোপড় দিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই জানতে পারি সে আত্মহত্যা করেছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, রুবেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁর বাবার দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। একপর্যায়ে রুবেল নিজের গায়ের শার্ট খুলে হাজতের গ্রিলের সঙ্গে বেঁধে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে তাঁকে আদালতে নেওয়ার জন্য পুলিশ হাজতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর