কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের উজানের ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বাড়ছে। নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে, তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে দ্রুতই তা বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
বৃহস্পতিবার বিকেলে মুহুরী নদীতে পানির স্তর রেকর্ড করা হয় ১০ দশমিক ৬৬ মিটার। এটি বিপৎসীমার ২ দশমিক ৮৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উল্লেখ্য, এই নদীটির বিপৎসীমা ১২ দশমিক ৫৫ মিটার।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, অন্যান্য সময়ের তুলনায় এবার পানি বৃদ্ধির পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম। গত কয়েক দিন ধরে পানি বাড়লেও তার গতি বেশ ধীর, তাই আপাতত বাঁধ ভাঙনের তেমন ঝুঁকি নেই।
তিনি আরও জানান, গত বছর বাঁধের ৪২টি স্থান ভেঙেছিল। সেসব স্থানসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ইতিমধ্যে বাঁধ মেরামত করা হয়েছে। তবে পানি আরও বাড়লে বা বিপৎসীমা অতিক্রম করলে নতুন করে একাধিক ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত হতে পারে। সেই পরিস্থিতি মোকাবিলায় পাউবোর পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
এদিকে টানা বৃষ্টি ও নদীর পানি বাড়তে থাকায় নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিবছর বর্ষা এলেই বাঁধ ভাঙা নিয়মে পরিণত হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ বাঁধগুলো দ্রুত ও স্থায়ীভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
পাশাপাশি সম্প্রতি একনেকে (ECNEC) অনুমোদন পাওয়া প্রায় ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)' দ্রুত বাস্তবায়নের জোর দাবিও জানান স্থানীয়রা।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন