কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ডুবে মোহাম্মদ ওয়াকিম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাকারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাইজকাকারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সুলতান আহমদের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল ওয়াকিম। একপর্যায়ে সবার অজান্তে সে উঠানে জমে থাকা পাহাড়ি ঢলের পানিতে পড়ে তলিয়ে যায়।
কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে পানির ওপর ভাসমান অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে পানি থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে শিশুটি প্রাণ হারায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম পাহাড়ি ঢলের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন