নেত্রকোণার পূর্বধলায় তুচ্ছ কথাকাটাকাটির জেরে জুয়েলারি দোকানে ব্যবহৃত এসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাগরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোররাত ৩টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর উপজেলার ১০ নম্বর নারান্দিয়া ইউনিয়নের নিজামপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে নারান্দিয়া ইউনিয়নের শাহাবাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের পাশে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি দোকানের কাজে ব্যবহৃত এসিড শাকিল (১৭) নামের এক কিশোরকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও দুজন এসিডের ছিটায় দগ্ধ হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এসিড নিক্ষেপের ঘটনায় পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল।
মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাগরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। এরপর উপজেলার আগিয়া ইউনিয়নের হাটকান্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন