মহম্মদপুরে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৮:০০ পিএম
মহম্মদপুরে মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামে হৃদয়নাথ (২৪) নামে এক মাছ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত হৃদয়নাথ পানিঘাটা গ্রামের পলাশ কুমারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময় হৃদয়নাথ নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মা ঝুনু রানী ভোরে ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে খোলা জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন। একপর্যায়ে তার বাবা পলাশ কুমার ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রশি কেটে নিচে নামান। তখন হৃদয়নাথকে মৃত অবস্থায় পাওয়া যায়।

খবর পেয়ে মহম্মদপুর থানার এসআই মুকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। মরদেহের ময়নাতদন্তসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেএইচআর