পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে মুহুরী সেচ প্রকল্পের সবগুলো রেগুলেটর

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৯:০০ পিএম
পানির চাপ সামলাতে খুলে দেওয়া হয়েছে মুহুরী সেচ প্রকল্পের সবগুলো রেগুলেটর

কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। এই অতিরিক্ত পানির চাপ সামলাতে এবং দ্রুত বঙ্গোপসাগরে নিষ্কাশনের লক্ষ্যে মুহুরী সেচ প্রকল্পের ৪০টি জলকপাট বা রেগুলেটর গেট খুলে দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি মূলত মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর পানি নিষ্কাশনের একমাত্র পথ। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা উজানের পানি সামলাতে এই প্রকল্প সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে প্রকল্পের ৪০টি গেটই সার্বক্ষণিক খোলা রেখে পানি নামানো হচ্ছে, যার ফলে ফেনী নদীর পানির স্তর এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে।

একই সূত্র আরও জানায়, জোয়ারের সময় সাগর থেকে উল্টো মুখে যেন পানি প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়ম অনুযায়ী প্রতিদিন গড়ে দুইবার প্রায় ২ ঘণ্টা করে গেটগুলো বন্ধ রাখা হয়। এবারও জোয়ারের সময় বাদে সারাদিনই গেটগুলো খোলা রেখে পানি নিষ্কাশন সচল রাখা হয়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল ইসলাম বলেন, উজান থেকে নেমে আসা পানির চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সবগুলো গেট একসঙ্গে খুলে দেওয়া হয়েছে। জোয়ারের সময় ছাড়া সারাদিনই পানি নামছে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেএইচআর