হাটহাজারীতে চাঞ্চল্যকর আজম হত্যাকাণ্ড মামলার দুই আসামি গ্রেপ্তার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৩:৫৭ পিএম
হাটহাজারীতে চাঞ্চল্যকর আজম হত্যাকাণ্ড মামলার দুই আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর মো. নূরুল আজিম (৪২) হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় তৃতীয় আসামি মো. আলী আকবর (৫৩) ও দ্বিতীয় আসামি মো. মোরশেদ প্রকাশ আকিলকে (২৬) গ্রেপ্তার করেছে মডেল থানার পুলিশ। গ্রেপ্তারকৃত আলী আকবর সম্পর্কে নিহত আজিমের আপন বড় ভাই হন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়ন এলাকায় মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে প্রথমে আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রূপণ নাথের নেতৃত্বে অভিযান চালিয়ে আকিলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী আকবর উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফা পাড়া এলাকার আলীম উল্লাহ কাজী বাড়ির মৃত নূরুল ইসলামের বড় ছেলে। আকিল একই এলাকার সিকদার বাড়ির মৃত লাল মিয়া তালুকদারের ছেলে।

মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. নাজমুল হাসান জানান, শুক্রবার সকালে আজিমের হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় মামলা রুজু হওয়ার পর থেকে আসামিদের ধরতে মাঠে কাজ শুরু করে পুলিশের একাধিক দল। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের শনিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে মাছ ধরতে গেলে আজিমকে তাঁর মেয়ের সামনে প্রথমে গুলি করা হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।

জেএইচআর