চকরিয়া পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে জেলা পুলিশ, ত্রাণ দিলেন পুলিশ সুপার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৬, ০৬:১৮ পিএম
চকরিয়া পেকুয়ার বন্যাদুর্গত মানুষের পাশে জেলা পুলিশ, ত্রাণ দিলেন পুলিশ সুপার

টানা ৬–৭ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় বন্যাকবলিত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রোববার জেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশ সূত্র জানায়, চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টৈটং ইউনিয়ন এবং পেকুয়া সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর উপস্থিত থেকে সরাসরি সাধারণ মানুষের হাতে এই সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ সুপার বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এই সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন। জেলা পুলিশ জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে তাদের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কক্সবাজার জেলা পুলিশ।

জেএইচআর