ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে।
সোমবার বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন দুর্ঘটনার এই বিষয়টি নিশ্চিত করেছেন।
বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, একতা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী বাইপাস স্টেশনে ঢোকার মুখে আকস্মিকভাবে লাইনচ্যুত হয়। ঘটনার পর থেকেই নিরাপত্তার স্বার্থে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, খবর পাওয়ার পরপরই রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রস্তুত করা হয়েছে। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই সেটি দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করবে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।
তাৎক্ষণিকভাবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ বা এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রেলওয়ের সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন