জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর মাগুরা জেলায় তাঁর সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির সংশ্লিষ্ট বিধান অনুযায়ী এই কমিটি গঠন করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। এই কমিটির অন্যতম সদস্য হিসেবে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান অন্তর্ভুক্ত হয়েছেন।
মাগুরা জেলা শহরের আবালপুর গ্রামের কৃতি সন্তান মনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি মাগুরা সদর হাসপাতালের রোগী ও স্বজনদের জন্য বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপনসহ শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে তিনি বেশ আলোচনায় রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা, পুলিশ প্রশাসন, সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক কার্যক্রম পর্যালোচনা ও তদারকির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ কমিটিতে মাগুরার একজন প্রতিনিধির অন্তর্ভুক্তি জেলার জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা। স্থানীয়দের মতে, এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জাতীয় পর্যায়ে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন এবং মাগুরার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলোও যথাযথভাবে তুলে ধরার সুযোগ পাবেন।
কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এটিকে মাগুরার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ এই কমিটিতে মাগুরা-১ আসনের প্রতিনিধির অন্তর্ভুক্তি জেলার প্রতিনিধিত্বকে জাতীয় পর্যায়ে আরও শক্তিশালী করবে।
মনোয়ার হোসেন খান এমপি বলেন, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব প্রদান করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে সংসদের মাননীয় স্পিকার, দলীয় নেতৃত্ব এবং সহকর্মী সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি বড় কর্তব্যও বটে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা, জননিরাপত্তা ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আন্তরিকতার সাথে কাজ করার চেষ্টা করব। মাগুরা-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এই অবস্থানে পৌঁছেছি। আমি বিশ্বাস করি, এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে মাগুরার মানুষের প্রত্যাশা ও প্রয়োজনীয় বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উপস্থাপন করতে পারব। মাগুরাবাসীর দোয়া ও সহযোগিতা নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন