গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:৫৮ পিএম
গোপালগঞ্জে পিতা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ কাজীর বাজার এলাকায় নিজ বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। মাদকসেবী আলীম কাজী বটি হাতে নিয়ে তাঁর পিতা ইসমাইল কাজীকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন।

পিতা ইসমাইল কাজী গালিগালাজ করতে নিষেধ করলে আলীম ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং হাতের বটি দিয়ে পিতার গলায় কোপ দেন। পরে গুরুতর আহত অবস্থায় ইসমাইল কাজীকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর নিহতের অপর ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালতে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হলো। মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম এম জুলকদর এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আবু তালেব শেখ।

জেএইচআর