সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে কুড়িগ্রামে শোকসভা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়াকোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
এ ছাড়া বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বিএনপি নেতা আব্দুল আজিজ, পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা শহিরুজ্জামান সাজু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, সদস্য সচিব ইদ্রিস আলী, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফজলুল হক, সদস্য সচিব ইউনুছ আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দেশের গুরুত্বপূর্ণ সময়ে তিনি দায়িত্বশীল, বিচক্ষণ ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন। তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তার মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
আলোচনা সভা শেষে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন