কর্ণফুলীতে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:৪০ পিএম
কর্ণফুলীতে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সানপ্লাস গ্রুপ। প্রতিষ্ঠানটির উদ্যোগে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শিকলবাহা কৃষি ব্যাংকসংলগ্ন এলাকায় সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা নুর মোহাম্মদ মধুর সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এইচ এম হারুন অর রশিদ (লাল গোলাপ), দক্ষিণ জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ সোলায়মান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শারমিন আক্তার, দক্ষিণ জেলা কৃষক দলের সহ-সভাপতি শফিউল করিম, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নুর ইদ্রিস, বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস, শাহ আলম, রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম বলেন, “এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দুর্যোগ মোকাবিলা আরও সহজ হবে।”

সানপ্লাস গ্রুপের চেয়ারম্যান নুর মোহাম্মদ মধু বলেন, “কর্ণফুলীবাসীর যেকোনো দুর্যোগ ও সংকটময় সময়ে আমরা সবসময় মানুষের পাশে ছিলাম এবং থাকব। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও প্রাকৃতিক দুর্যোগ, সংকট ও জরুরি পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”

এএন